সৌদি কোম্পানিতে মাসের পর মাস বেতন পাচ্ছেন না বিদেশি কর্মীরা
সৌদি আরবের একটি নির্মাণ কোম্পানির কর্মীরা অভিযোগ করেছেন, তারা ওই কোম্পানি থেকে মাসের পর মাস বেতন পাচ্ছেন না। এ ছাড়া, তাদের ওয়ার্ক পারমিট নবায়ন না হওয়ায় তারা সম্ভাব্য কারাদণ্ডের মুখোমুখি হতে যাচ্ছেন এবং সৌদি আরব ছাড়তে তাদের নিয়োগদাতা অনুমতি দিতেও অস্বীকৃতি জানাচ্ছে।
সৌদি সরকারের পক্ষে রাস্তা নির্মাণের দায়িত্বে থাকা রিয়াদ-ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান ইউনাইটেড সিমাকের কর্মীরা এসব অভিযোগ করেছেন। তারা বলেছেন, গত পাঁচ মাস ধরে তাদের বেতন দেয়া হচ্ছে না। সৌদি কর্তৃপক্ষ এবং নিজ নিজ দূতাবাসগুলিও তাদের এই দুর্দশা লাঘবে কার্যত কিছুই করছে না।
কোম্পানিটিতে প্রকৌশলী হিসেবে গত দুই বছর ধরে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ বার বলেন, ছোট কোম্পানিগুলোর কর্মীদের বাস্তব পরিস্থিতির ব্যাপারে কেউ কিছুই জানে না। বড় কোম্পানিগুলোর প্রতিই যেন সব মনোযোগ। আমরা সংখ্যায় বেশি না হওয়ায় আমাদেরকে অবহেলা করা সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বার বলেন, 'কোম্পানিতে আমরা সংখ্যায় ৫০০ জন হতে পারি। তবে এটাই সব কিছু নয়। আমাদের পরিবারগুলো আমাদের উপার্জিত অর্থের ওপর নির্ভরশীল। তাই এটা ৫০০টি পরিবারের জন্যও বিরাট সমস্যা। আমাদেরকে সাহায্য করার জন্য কেউ কিছু করছে না।'
তিনি আরো বলেন, 'আমরা কেবল আমাদের পাওনা ফেরত চাই এবং এর পর আমাদেরকে অন্যত্র চলে যাওয়ার অনুমতি দেয়া অথবা নিজ নিজ দেশে চলে যাওয়ার ব্যবস্থা করা হোক।'#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৪