ইয়েমেনে গুচ্ছ বোমা ব্যবহার করছে সৌদি আরব: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i18169-ইয়েমেনে_গুচ্ছ_বোমা_ব্যবহার_করছে_সৌদি_আরব_জাতিসংঘ
আন্তর্জাতিক আইন এবং নিয়ম নীতি লঙ্ঘন করে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের আবাসিক এলাকার ওপর গুচ্ছ বোমা হামলা চালাচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার দফতর অভিযোগ করেছে। ইয়েমেনে বেশিরভাগ বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার জন্য রিয়াদ সরকার দায়ী বলে ওই দফতর জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ১৩:৫২ Asia/Dhaka
  • ইয়েমেনে গুচ্ছ বোমা ব্যবহার করছে সৌদি আরব: জাতিসংঘ

আন্তর্জাতিক আইন এবং নিয়ম নীতি লঙ্ঘন করে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের আবাসিক এলাকার ওপর গুচ্ছ বোমা হামলা চালাচ্ছে বলে জাতিসংঘের মানবাধিকার দফতর অভিযোগ করেছে। ইয়েমেনে বেশিরভাগ বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার জন্য রিয়াদ সরকার দায়ী বলে ওই দফতর জানিয়েছে।

আজ (বৃহস্পতিবার)জাতিসংঘের মানবাধিকার বিষয়ক  হাই কমিশনার জেইদ রাদ জেইদ আল-হোসেইন যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনগুলো তদন্ত করার লক্ষ্যে একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনে সশস্ত্র সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশটির বেসামরিক ব্যক্তিরা অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়েছেন। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিরা অব্যাহতভাবে দায়মুক্তি ভোগ করতে থাকলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে।

এছাড়া, ইয়েমেনে প্রকাশ্যে সংঘটিত এই ধরণের অন্যায় পরিস্থিতি আন্তর্জাতিক সমাজ মেনে নিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। মানবতা বিরোধী সব ধরনের কর্মকাণ্ড তদন্তে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করতে হবে বলেও দাবি জানান জাতিসংঘের এই কর্মকর্তা।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৫