ইয়েমেনি বাহিনীর হামলায় ৪০ ভাড়াটে সৌদি সেনা হতাহত
-
সৌদি বাহিনীর হামলায় ইয়েমেনে বিধ্বস্ত ঘরবাড়ি (ফাইল ফটো)
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ৪০ ভাড়াটে সৌদি সেনা হতাহত হয়েছে। সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় হোদায়দা প্রদেশে কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর ইয়েমেনি বাহিনী এ পাল্টা হামলা চালালো।
ইয়েমেনের জনপ্রিয় কমিটির সহযোগিতায় সেনাবাহিনী গতকাল (বৃহস্পতিবার) দেশটির তা'য়িজ প্রদেশে একাধিক রকেট নিক্ষেপ করলে এসব হতাহতের ঘটনা ঘটে বলে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
ইয়েমেনের হোদায়দা প্রদেশের হাওয়াক এলাকার একটি ব্যস্ততম মার্কেটে সৌদি বাহিনীর পাশবিক বিমান হামলায় শিশু এবং মহিলাসহ অন্তত ৩২ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর ইয়েমেনি বাহিনী এ পাল্টা হামলা চালায়। এছাড়া, ওই হামলায় আহত হয়েছে আরো বহু ব্যক্তি।
এদিকে, গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘের মহাসচিব বান কি মুন সৌদির বর্বরোচিত এ হামলার নিন্দা জানিয়েছেন। ইয়েমেন যুদ্ধে লিপ্ত সব পক্ষকে অবশ্যই সব নিয়ম-নীতি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে বলে বান কি মুনের মুখপাত্র এক লিখিত বিবৃতিতে আবারো সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩