তুর্কি সেনা না সরালে নতুন যুদ্ধ শুরু হতে পারে: ইরাকের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/west_asia-i22075-তুর্কি_সেনা_না_সরালে_নতুন_যুদ্ধ_শুরু_হতে_পারে_ইরাকের_হুঁশিয়ারি
ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অবস্থানকে ঘিরে বাগদাদ ও আংকারার মধ্যে বাগযুদ্ধ জোরদার হয়েছে। এরমধ্যে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, তার দেশ থেকে তুরস্কের সেনা সরিয়ে নিতে হবে। তিনি সতর্ক করে বলেছেন, ইরাকের ভেতের তুরস্কের সেনা অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ১৬:১০ Asia/Dhaka
  • ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের সেনা অবস্থানকে ঘিরে বাগদাদ ও আংকারার মধ্যে বাগযুদ্ধ জোরদার হয়েছে। এরমধ্যে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, তার দেশ থেকে তুরস্কের সেনা সরিয়ে নিতে হবে। তিনি সতর্ক করে বলেছেন, ইরাকের ভেতের তুরস্কের সেনা অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হতে পারে।

গতকাল (মঙ্গলবার) রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী এবাদি বলেন, ইরাকের মাটিতে তুর্কি সেনা মোতায়েনের কারণে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “আমরা তুরস্কের সঙ্গে সামরিক সংঘাতে জড়াতে চাই না। তবে, তুরস্কের নেতাদের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি জানান, ইরাকে তুর্কি সেনা মোতায়েনের বিষয়ে বিশ্বের যত নেতার সঙ্গে তিনি কথা বলেছেন তারা সবাই বাগদাদের অবস্থানের প্রতি সমর্থন দিয়েছেন।

এবাদি বলেন, ইরাকের ভূখণ্ডে সেনা মোতায়েন রাখার বিষয়ে তুরস্ক সরকার যে পীড়াপীড়ি করছে তার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, মসুলের চেয়ে সিরিয়া সীমান্ত তুরস্কের কাছে এবং সেই সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করছে না তুর্কি সরকার।

সংবাদ সম্মেলনে ইরাকের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, মসুল শহর শিগগিরি দায়েশমুক্ত হবে। বিজয়ের পর যাতে তুরস্কের সেনারা শূন্য অবস্থার সুযোগ না নিতে পারে সে বিষয়ে বাগদাদ এরইমধ্যে বিশেষ পরিকল্পনা করেছে।

গত ১ অক্টোবর তুরস্কের সংসদ ইরাকের মাটিতে আরো এক বছর তুর্কি সেনা মোতায়েন রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পর ইরাকের সংসদ সদস্যরা তা প্রত্যাখ্যান করেছেন। এরপরই দেশটির প্রধানমন্ত্রী ইরাকের মাটি থেকে তুর্কি সেনা সরিয়ে নেয়ার জন্য নতুন করে বক্তব্য দিলেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫