২০২৬ সালের প্রতিযোগিতা বয়কট করেছে নেদারল্যান্ডস, আইসল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া
ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে টানা দ্বিতীয় বছর ইউরোভিশন বয়কট করছে নেদারল্যান্ডস
-
ইউরোভিশন প্রতিযোগিতা বন্ধের আহ্বানে মিছিল
পার্সটুডে: নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচার সংস্থা অ্যাভ্রোট্রস (AvroTros) জানিয়েছে, ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে তারা টানা দ্বিতীয় বছরের মতো ২০২৭ সালের ইউরোভিশন গান ও সঙ্গীত প্রতিযোগিতা বয়কট করবে।
সংস্থাটি এর কারণ হিসেবে গাজায় চলমান যুদ্ধ এবং সামরিক সংঘাতে জড়িত দেশগুলোকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়ার ক্ষেত্রে সুস্পষ্ট নিয়মের অভাবের কথা উল্লেখ করেছে।
অ্যাভ্রোট্রস সম্প্রচার সংস্থাটির এক বিবৃতিতে এর পরিচালক টাকো জিমারম্যান বলেছেন, “এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আন্তর্জাতিক সংঘাতগুলো প্রতিযোগিতাটিকে ক্রমেই প্রভাবিত করছে এবং এর নিরপেক্ষ চরিত্রকে ক্ষুণ্ন করছে। ফলে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বিভাজনের একটি মঞ্চে পরিণত হয়েছে।”
ফিলিস্তিনের জবরদখলকারী ইহুদিবাদী ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতাটি একের পর এক বয়কটের মুখে পড়েছে।
চলতি মাসের শুরুতে আয়োজকেরা ঘোষণা করেন, কোনো সশস্ত্র সংঘাতে জড়িত দেশকে প্রতিযোগিতার আয়োজক হওয়ার সুযোগ দেওয়া হবে না।
তবে অ্যাভ্রোট্রস বলেছে, “ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন (EBU) সম্প্রতি যে পরিবর্তনগুলোর ঘোষণা দিয়েছে, সেসবের কারণে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতার স্বাধীন ও নিরপেক্ষ চরিত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে—এ মর্মে পর্যাপ্ত আস্থা সৃষ্টি হয়নি।”
আগামী বছরের প্রতিযোগিতা—যা বিশ্বের সবচেয়ে বড় সরাসরি সম্প্রচারিত সংগীত অনুষ্ঠান—১৫ মে বুলগেরিয়ার কৃষ্ণসাগরীয় শহর বুরগাসে অনুষ্ঠানের কথা রয়েছে।
২০২৬ সালের প্রতিযোগিতা থেকে নেদারল্যান্ডস, আইসল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল। এর মধ্যে শেষের তিনটি দেশ প্রতিযোগিতার অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সম্প্রচার করতেও অস্বীকৃতি জানিয়েছে।
জিমারম্যান বলেছেন, এই প্রত্যাহারের সিদ্ধান্তটি “বেদনাদায়ক, কারণ আগামী বছর আমরা আবারও প্রতিযোগিতার অংশ হতে খুবই আগ্রহী ছিলাম।” #
পার্সটুডে/এমএএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন