ইরাক-তুর্কি উত্তেজনা: বাগদাদের পক্ষ নিল আরব লীগ
-
আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গেইত
ইরাকে তুরস্কের সেনা উপস্থিতির বিরোধিতা করেছে ২২ জাতির সংস্থা আরব লীগ। তুর্কি সেনা মোতায়েনের ঘটনাকে আরব লীগ ইরাকের অভ্যন্তরে হস্তক্ষেপ বলে বিবেচনা করছে।
গতকাল (শুক্রবার) ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারির সঙ্গে টেলিফোন সংলাপে আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গেইত তুর্কি সেনা মোতায়েন ও সামরিক হস্তক্ষেপের বিষয়টি নাকচ করেন। তিনি এ সময় ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা ও ঐক্য অক্ষুণ্ন রাখার বিষয়ের প্রতি সমর্থন জানান। পাশাপাশি ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের যেকোনো হস্তক্ষেপের বিরোধিতা করেন আবুল গেইত। আরবি ভাষার বার্তা সংস্থা ‘ফোরাত’ এ খবর দিয়েছে।
আরব লীগের মহাসচিব বলেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের অবসান ঘটানোর জন্য তুরস্কের ওপর চাপ সৃষ্টি করতে কায়রোভিত্তিক এ সংস্থা বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কথা বলবে।
ইরাকের মাটিতে তুর্কি সেনা উপস্থিতি নিয়ে বাগদাদ ও আংকারার মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন ইব্রাহিম আল-জাফারি আবুল গেইতের সঙ্গে টেলিফোন সংলাপের আয়োজন করলেন। এ সংলাপে তিনি তুর্কি সেনা মোতায়েনের বিষয়ে ইরাকের পক্ষে আরব লীগের অবস্থান নেয়ার অনুরোধ করেন। আবুল গেইত তুর্কি সেনা উপস্থিতির বিরোধিতা করায় মূলত বাগদাদের সেই অনুরোধের প্রতিই সাড়া দিলেন তিনি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮