ইয়েমেনে সৌদি নৃশংসতার পর বিব্রত জাতিসংঘ: তদন্তের জন্য ইরানের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i22552-ইয়েমেনে_সৌদি_নৃশংসতার_পর_বিব্রত_জাতিসংঘ_তদন্তের_জন্য_ইরানের_আহ্বান
সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানায় জানাযার নামাজে অংশগ্রহণকারী মানুষের ওপর বিমান হামলা চালিয়ে বহু লোককে হত্যা করার পর এখন জাতিসংঘের ক্ষমতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। ইয়েমেনে যারা হামলা চালাচ্ছে তাদের প্রতি জাতিসংঘের পরোক্ষ সমর্থন রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১০, ২০১৬ ১৩:২৪ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি নৃশংসতার পর বিব্রত জাতিসংঘ: তদন্তের জন্য ইরানের আহ্বান

সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানায় জানাযার নামাজে অংশগ্রহণকারী মানুষের ওপর বিমান হামলা চালিয়ে বহু লোককে হত্যা করার পর এখন জাতিসংঘের ক্ষমতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। ইয়েমেনে যারা হামলা চালাচ্ছে তাদের প্রতি জাতিসংঘের পরোক্ষ সমর্থন রয়েছে।

সৌদি আরবের নেতৃত্বে আরব সামরিক জোট গত দেড় বছর ধরে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসলেও জাতিসংঘ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু দুই দিন আগে ইয়েমেনে সৌদি আরবের নৃশংস বিমান হামলার পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে এখন এ জঘন্য অন্যায়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়া ছাড়া জাতিসংঘের সামনে আর কোনো পথ খোলা নেই।

গত শনিবার ইয়েমেনে জানাযার নামাজে অংশগ্রহণকারীদের ওপর সৌদি বিমান হামলায় প্রায় ৭০০ মানুষ হতাহত হওয়ার পর শুধু জাতিসংঘই নয় একই সঙ্গে সৌদি আরবের সমর্থক দেশগুলোও বিব্রতকর অবস্থায় পড়েছে। সৌদি আরবের এ ন্যক্কারজনক অপরাধের বিরুদ্ধে জাতিসংঘ পদক্ষেপ নেবে বলে সবাই আশা করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিবের কাছে লেখা চিঠিতে ইয়েমেনে সৌদি আগ্রাসনের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ ও গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, গত দেড় বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত সৌদি আরব ও তার মিত্রদেরকে অবশ্যই মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা করতে হবে। এ ছাড়া, এতো  বড় হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত তদন্ত জাতিসংঘকেই করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনে সৌদি আরবের নৃশংস হত্যাকাণ্ডের পর রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স, কানাডা, ইরাকসহ আরো বহু দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে। এ দেশগুলোও ইয়েমেনে গত শনিবারের ভয়াবহ গণহত্যার সঠিক তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞ তদন্তের জন্য বিভিন্ন দেশ এমন সময় জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যখন সৌদি আরবের নেতৃত্বে আরব সামরিক জোট রাজধানী সানায় হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের বিরোধিতা করেছে। সৌদি আরব জানিয়েছে, আমেরিকার অংশগ্রহণে এ ধরণের আন্তর্জাতিক তদন্ত টিম গঠনের কোনো প্রয়োজন নেই। এ অবস্থায় জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতে সৌদি আরবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে। দুই মাস আগে ইয়েমেনে শিশু হত্যাকারী দেশের তালিকা থেকে সৌদি আরবের নাম বাতিল করে জাতিসংঘ নিজেদের মর্যাদা ভূলুণ্ঠিত করেছিল। বলা হচ্ছে সৌদি আরবের অর্থ সহায়তা বন্ধের হুমকির কারণে জাতিসংঘ ওই পদক্ষেপ নিয়েছিল। এ অবস্থায় জাতিসংঘ এবার কারো দ্বারা প্রভাবিত না হয়ে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে নিজের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সচেষ্ট হবে বলে সবাই আশা করছে।     

ইয়েমেনে ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ যদি নীরব থাকে এবং আগ্রাসী সৌদি আরব ও তার মিত্রদের প্রতি সমর্থন বজায় থাকে তাহলে এটা খুব খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এরপর এ হত্যা ও ধ্বংসযজ্ঞ কেবল ইয়েমেনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। #    

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/১০