মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে: ওয়াশিংটনের দাবি
-
মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাসন (ফাইল ছবি)
ইয়েমেন উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে অবস্থিত ডেস্ট্রয়ারটি থেকে কিছু দূরে গিয়ে পড়েছে বলেও জানিয়েছে মার্কিন সরকার।
এ নিয়ে চলতি সপ্তাহে দু’বার এ ধরনের হামলার অভিযোগ করল ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা বলেছেন, নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস ম্যাসন’ বুধবার লোহিত সাগরের বাব-আল মান্দাব প্রণালীর উত্তর অংশে টহল দেয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
তবে দু’টি ক্ষেপণাস্ত্রের একটিও ডেস্ট্রয়ারটিতে আঘাত না করায় এগুলোর কোনো ক্ষতি হয়নি বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন। তারা দাবি করেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ সময় মার্কিন ডেস্ট্রয়ার থেকে ‘আত্মরক্ষামূলক’ গোলা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার তিনদিন আগে ইউএসএস ম্যাসনের ওপর একই ধরনের ব্যর্থ হামলা হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে। ওই হামলাকে কেন্দ্র করে মার্কিন সেনারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের ওপর পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলেও জানা যায়।
এর আগে, গত ১ অক্টোবর লোহিত সাগরের বন্দরনগরী মুখা’র কাছে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক নৌযান ধ্বংস হয়। ওই হামলায় অন্তত ২০ আমিরাতি সেনা নিহত হয়। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন যে জোট হামলা চালাচ্ছে তার অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাত।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩