মার্কিন রণতরীতে হামলার দাবি সত্য নয়: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i22834-মার্কিন_রণতরীতে_হামলার_দাবি_সত্য_নয়_ইয়েমেন
লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার আমেরিকার ভিত্তিহীন দাবি নাকচ করেছে দিয়েছে ইয়েমেনের বাহিনী। রণতরীতে হামলার অজুহাতে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১২:৫৫ Asia/Dhaka
  • ইউএসএস ম্যাসন(ফাইল ছবি)
    ইউএসএস ম্যাসন(ফাইল ছবি)

লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার আমেরিকার ভিত্তিহীন দাবি নাকচ করেছে দিয়েছে ইয়েমেনের বাহিনী। রণতরীতে হামলার অজুহাতে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা।

আজ(বৃহস্পতিবার) এ দাবি নাকচ করে দেয়া ইয়েমেন। চারদিনে দুই দফা মার্কিন গাইডেড মিসাইলবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ম্যাসন ইয়েমেনের হামলার শিকার হয়েছে বলে আমেরিকা দাবি করার একদিন পরই এ বক্তব্য দিল ইয়েমেন।

ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে। তিনি বলেন, মার্কিন এ অভিযোগের কোনো ভিত্তি নেই। ইয়েমেনের সেনাবাহিনী এবং পপুলার কমিটি এ জাতীয় কোনো তৎপরতায় জড়িত নয়।  

তিনি আরো বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটকে সমর্থন করার এবং তাদের অব্যাহত অপরাধ তৎপরতা চাপা দেয়ার লক্ষ্যে এমন মিথ্যা দাবি করা হচ্ছে।

ইয়েমেনের রাজধানী সানায় গত রোববার জানাযার নামাজে সৌদি বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একই সাথে ইয়েমেনে হামলায় জড়িত সৌদি বোমারু বিমানগুলোকে আকাশে তেল ভরার মার্কিন সুযোগ দেয়ার বিষয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে।

এ ছাড়া, সৌদি জোটকে অব্যাহত সামরিক সহায়তা দেয়া নিয়েও প্রশ্ন তুলেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। আর ঠিক তখনই রণতরীর ওপর হামলার দাবি তুলেছে আমেরিকা।#

 পার্সটুডে/মূসা রেজা/১৩