সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকুন: ইরাকি প্রধানমন্ত্রীর আহ্বান
-
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি তার দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রচেষ্টা মোকাবেলায় বাগদাদের পাশে থাকার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল (রোববার) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি আরো বলেছেন, মসুলের মুক্তি অভিযান সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে চমকে দেবে। এবাদি জানান, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কাছ থেকে নিজ ভূখণ্ড উদ্ধারের পর এক নতুন ঐতিহাসিক অধ্যায়ে প্রবেশ করবে ইরাক। এ বিজয়ের জন্য ইরাকের প্রতিটি মানুষের কাছে দেশ ঋণী থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
দু বছর আগে ইরাকে দায়েশের প্রবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, তখন বাগদাদকে জঙ্গি গোষ্ঠীটি হুমকি দিচ্ছিল এবং দায়েশের বিরুদ্ধে লড়তে হচ্ছিল ইরাককে। সেখানে এখন বাগদাদই দায়েশকে মসুলে হুমকি দিচ্ছে এবং এ গোষ্ঠীকে পরাজিত করার কাছে রয়েছে।
হায়দার আল-এবাদি জোর দিয়ে বলেন, মসুল অভিযানে কেবল ইরাকি স্থল বাহিনীই অংশ নেবে; কোনো বিদেশী বাহিনী এ অভিযানে অংশ নিচ্ছে না। আজ (সোমবার) দায়েশের কাছ থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের মসুল শহর মুক্তির জন্য অভিযান শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, ইরাকি স্থল বাহিনীর দশটি ব্যাটালিয়ন ও কুর্দি পেশমার্গা যোদ্ধারা এই অভিযানে অংশ নিচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭