সীমান্তে সেনা বাড়াচ্ছে তুরস্ক; ইরাকি স্বেচ্ছাসেবী নিয়ে হুঁশিয়ারি
-
প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইরাক সীমান্তবর্তী সিলোপি শহরে তিনি সেনা উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নেবেন। পাশাপাশি তিনি ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্দ আশ-শাবিকে সিরিয়ায় যুদ্ধে যাওয়ার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন।
গতকাল তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী আংকারায় এরদোগান সাংবাদিকদের বলেন, “যদি হাশ্দ আশ-শাবি’র যোদ্ধারা সিরিয়ার তাল আফার শহরে প্রবেশ করে তবে তার দেশ বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে দেখবে না।” তিনি বলেন, ইরাকি স্বেচ্ছাসেবীরা তুর্ক অধ্যুষিত তাল আফার শহরে ঢুকলে আংকারা ভিন্নভাবে জবাব দেবে।
তাল আফার শহরটি ইরাকের মসুল শহরের অনেকটা কাছেই। ২০১৪ সালে এ শহর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাতে পড়েছিল এবং ইরাকের মসুল ও সিরিয়ার রাকা শহরের সন্ত্রাসীদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে তাল আফার শহরটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে কাজ করছে।
ইরাকের হাশ্দ আশ-শাবি’র মুখপাত্র আহমাদ আল-আসাদি গতকাল ঘোষণা করেছেন, তাদের বাহিনী তাল আফার শহর মুক্ত করার মাধ্যমে মসুল ও রাকা শহরের সন্ত্রাসীদের মধ্যকার যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করেছে। এ ঘোষণার পর এরদোগান তার বিরোধিতা করে বক্তব্য দিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০