জমহুরিয়াত পত্রিকার সম্পাদককে আটক করেছে তুর্কি পুলিশ
-
জমহুরিয়াতের এডিটর ইন-চিফ মুরাদ সাবুনচু
তুরস্কের বিরোধীমতের প্রভাবশালী দৈনিক জমহুরিয়াত পত্রিকার সম্পাদক ও কয়েকজন সাংবাদিককে আটক করেছে দেশটির পুলিশ। এসব সাংবাদিককে গ্রেফতারের জন্য তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়।
জমহুরিয়াতের এডিটর ইন-চিফ মুরাদ সাবুনচু ও কলামিস্ট গুরে ওজ এবং আইদিন এনগিনকে এরইমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের রাজনৈতিক ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে এসব সাংবাদিকের সম্ভাব্য সম্পর্কের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে গুলেনের পরিপূর্ণ সম্পর্ক রয়েছে বলে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও তার দল অভিযোগ করে আসছে। তবে গুলেন এ অভিযোগ সবসময় অস্বীকার করেছেন।
ইস্তাম্বুল প্রসিকিউটরের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- “আটক সাংবাদিকরা গুলেনের সন্ত্রাসী সংগঠন ও কুর্দি গেরিলাদের হয়ে কিংবা তাদের নামে অপরাধ তৎপরতা চালিয়ে আসছিলেন। এসব সাংবাদিক তাদের লেখার মাধ্যমে ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানকে বৈধতা দেয়ার চেষ্টা করেছেন।”
এর আগেও তুর্কি সরকার দেশটির বহু পত্রিকা ও অনলাইন গণমাধ্যম বন্ধ করে দিয়েছে। এছাড়া, বহু সাংবাদিককে আটক ও জেল দেয়া হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১