গভীর হচ্ছে তুরস্কের রাজনৈতিক সংকট
-
তুর্কি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ (ফাইল ফটো)
তুরস্কের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি তাদের সংসদীয় কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাসহ নয় সংসদ সদস্যকে গ্রেফতার ও কারাদণ্ড দেয়ার প্রতিবাদে এইচডিপি এ সিদ্ধান্ত নেয়।
দলের মুখপাত্র আয়হান বিলজেন এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন এবং ইন্টারনেট জগতে তা ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে তার আলোকে দলের সংসদীয় গ্রুপ ও কেন্দ্রীয় নির্বাহী বোর্ডের সঙ্গে পরামর্শ করে সংসদীয় কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিলজেন বলেন, সংসদ থেকে এইচডিপি পরিপূর্ণভাবে বেরিয়ে আসবে কিনা তা নিয়েও ভাবা হচ্ছে।
কয়েকদিন আগে এইচডিপি’র উপ নেতা সালাহউদ্দিন দেমিরতাস ও ফিজেন ইয়ুকসেকদাগসহ নয় সংসদ সদস্যকে গ্রেফতার করে তাদের জেলে পাঠানো হয়েছে। তুর্কি সরকার এসব সংসদ সদস্যের বিরুদ্ধে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র ভেতরে সদস্যপদ থাকার অভিযোগ এনেছে।
এদিকে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশ থেকে পুলিশ ঝড়ো অভিযান চালিয়ে পিকেকে’র সন্দেভাজন ১৫ সদস্যকে আটক করেছে। অভিযানে হেলিকপ্টার থেকে পুলিশ বাহিনীকে সমর্থন দেয়া হয়। এর আগে, তুরস্কের বিরোধী মুখপত্র জমহুরিয়াত পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিককে আটক করা হয়েছে। আগেও বহু সংবাদ মাধ্যম বন্ধ ও সাংবাদিককে আটক করা হয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া, গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে ব্যাপক ধরপাকড় ও চাকরিচ্যুতির ঘটনা চলছে। সব মিলিয়ে দেশটির রাজনৈতিক অচলাবস্থা গভীর হতে চলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬