ইয়েমেনে সরকার গঠনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i25321-ইয়েমেনে_সরকার_গঠনের_দাবিতে_রাজধানীতে_বিক্ষোভ
ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত সৌদি আগ্রাসন মোকাবেলায় দেশটিতে অবিলম্বে একটি সরকার প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার ইয়েমেনি রাজধানী সানায় বিক্ষোভ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৬ ১৬:০৪ Asia/Dhaka
  • ইয়েমেনে সরকার গঠনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত সৌদি আগ্রাসন মোকাবেলায় দেশটিতে অবিলম্বে একটি সরকার প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার ইয়েমেনি রাজধানী সানায় বিক্ষোভ করেছে।

আজ (বুধবার) ইয়েমেনের জনগণ তাদের দেশের বিরুদ্ধে সৌদি আরবের বিমান, নৌ এবং স্থল হামলা অবসানের পাশাপাশি ইয়েমেনের ওপর  থেকে সব ধরণের অবরোধ তুলে নেয়ার লক্ষ্যে রাজধানী সানার প্রধান স্কয়ারে জড়ো হয়ে সরকার গঠনের প্রতি সমর্থন জানিয়েছে।

একজন বিক্ষোভকারী ইরানের প্রেস টিভি সংবাদ মাধ্যমকে বলেন, সৌদি আরবের পাশবিক হামলার মাঝে দেশের এই কঠিন পরিস্থিতিতে একটি টেকনোক্র্যাট সরকার গঠন করা জরুরী হয়ে পড়েছে।

এছাড়া, বিক্ষোভকারীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির প্রস্তাবিত শান্তি প্রক্রিয়ার নিন্দা জানিয়ে বলেছে, এই আহ্বান আত্মসমর্পণের শামিল। আরেকজন বিক্ষোভকারী বলেন, "ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ এবং যুদ্ধ চাপিয়ে দিতে আমেরিকা এবং সৌদি আরব একে অপরের সহযোগী হিসেবে কাজ করছে। আমরা তাদেরকে আর বিশ্বাস করি না।"

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত আগস্টে ইয়েমেনে ভবিষ্যত ঐক্যমত্যের সরকার গঠনের স্বার্থে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ সব ধরণের অস্ত্র সমর্পণ করার পাশাপাশি রাজধানী সানা থেকে সব যোদ্ধাদেরকে সরিয়ে নিতে হুথিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর বর্বরোচিত হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশিরভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ১০,০০০ বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ।#

পার্সটুডে/বাবুল আখতার/১০