সৌদি সেনা ঘাঁটি দখল করল ইয়েমেনের সেনাবাহিনী (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i25450-সৌদি_সেনা_ঘাঁটি_দখল_করল_ইয়েমেনের_সেনাবাহিনী_(ভিডিও)
জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় সৌদি আরবের একটি সামরিক ঘাঁটি দখল করেছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনে সৌদি পাশবিক হামলার প্রতিশোধ নিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির অঞ্চলের ওই ঘাঁটিটি দখল করেছে ইয়েমেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ০৩:৫২ Asia/Dhaka

জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সহযোগিতায় সৌদি আরবের একটি সামরিক ঘাঁটি দখল করেছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনে সৌদি পাশবিক হামলার প্রতিশোধ নিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির অঞ্চলের ওই ঘাঁটিটি দখল করেছে ইয়েমেন।

ইয়েমেন সেনাবাহিনীর অপারেশন্স কমান্ডের মিডিয়া ব্যুরো ওই ঘাঁটি দখলের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, আসির অঞ্চলের আন-নিমসা ঘাঁটিতে ক্ষতিগ্রস্ত সামরিক যান পরিদর্শন করছেন ইয়েমেনের সেনাসদস্য ও সহ যোদ্ধারা।

সৌদি সৈন্যদের সঙ্গে প্রবল সংঘর্ষের পর ঘাঁটিটি তাদের দখলে আসে। সংঘর্ষে বেশ কয়েকজন সৌদি সেনা নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।

এরপর একজন ইয়েমেনে যোদ্ধা ওই ঘাঁটিতে থাকা সমরাস্ত্র ও গোলাবারুদ প্রদর্শন করেন। পালিয়ে যাওয়ার সময় এগুলো নিয়ে যেতে পারেনি সৌদি সেনারা।

ভিডিও ফুটেজের শেষাংশে বেশ কয়েকজন সৌদি সেনার লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এ সময় ইয়েমেনের সৈন্য ও আনসারুল্লাহ যোদ্ধারা ‘আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক’ স্লোগান দেন।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে এ হামলা চালাচ্ছে রিয়াদ।

হামলায় এখন পর্যন্ত অন্তত ১০,০০০ মানুষ নিহত হওয়া ছাড়াও দরিদ্র দেশটিতে খাদ্য ও ওষুধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীর দ্রব্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ বলেছে, ইয়েমেনের ৭৪ লাখ শিশুর জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন। এ ছাড়া, ৩,৭০,০০০ শিশু তীব্র খাদ্য সংকটের মুখোমুখি রয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২