ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার মিত্র হতে পারেন: আসাদ
-
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
নিজের দেয়া সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ‘স্বাভাবিক মিত্রে’ পরিণত হতে পারেন। একথা বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
পর্তুগালের রাষ্ট্র নিয়ন্ত্রিত আরটিপি টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। বাশার আসাদ বলেন, “ট্রাম্প কি করবেন তা আমরা এখনো জানি না। কিন্তু তিনি যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করেন তাহলে তিনি আমাদের মিত্রে পরিণত হবেন। রাশিয়া ও ইরানসহ আরো অনেক দেশ যেমন সন্ত্রাস বিরোধী যুদ্ধ করতে এসে আমাদের মিত্রে পরিণত হয়েছে।”
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে নির্বাচনি প্রচারাভিযানে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন তা উৎসাহব্যাঞ্জক। কিন্তু মার্কিন প্রশাসনের যে স্ব-বিরোধী অবস্থান এবং মার্কিন গণমাধ্যমের যে বিতর্কিত ভূমিকা রয়েছে তাকে পাশ কাটিয়ে ট্রাম্প সে প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।
গত মার্চ মাসে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন, “একই সময়ে আসাদ এবং দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করা পাগলামি এবং বোকামি ছাড়া আর কিছু নয়। যে দুই ব্যক্তি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছে আপনি তাদের দু’জনের সঙ্গেই লড়াইয়ে যেতে পারেন না। আপনাকে দু’জনের যেকোনো একজনকে বেছে নিতে হবে।”
ডোনাল্ড ট্রাম্পের ওই বক্তব্য উদ্ধৃত করে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চলছে। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশসহ আরো কিছু সন্ত্রাসী গোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে উৎখাতের চেষ্টা করছে। মার্কিন সরকারও প্রেসিডেন্ট আসাদকে উৎখাত করবে বলে ঘোষণা করেছে। একইসঙ্গে ওয়াশিংটন বলছে, দেশটি দায়েশ জঙ্গিদের বিরুদ্ধেও যুদ্ধ করছে। পর্যবেক্ষকরা মার্কিন সরকারের এই আচরণকে স্ব-বিরোধী বলে মনে করছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬