ঐক্যমত্যের সরকারে যোগ দিতে প্রস্তুত আনসারুল্লাহ আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i25930-ঐক্যমত্যের_সরকারে_যোগ_দিতে_প্রস্তুত_আনসারুল্লাহ_আন্দোলন
সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন যুদ্ধ বন্ধ করে একটি জাতীয় ঐক্যমত্যের সরকারে যোগ দিতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৭, ২০১৬ ০৩:০৫ Asia/Dhaka
  • আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আল-বুখাইতি
    আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আল-বুখাইতি

সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন যুদ্ধ বন্ধ করে একটি জাতীয় ঐক্যমত্যের সরকারে যোগ দিতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে।

আনসারুল্লাহর রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আল-বুখাইতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আনসারুল্লাহর অবস্থান যুদ্ধ বন্ধ করে সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের পক্ষে ছিল এবং এখনো আছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বুখাইতি এ মন্তব্য করেন। কেরি সম্প্রতি বলেছিলেন, সৌদি আরব ও হুথিরা ১৭ নভেম্বর থেকে যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। ওমানে ইয়েমেন বিষয়ক এক বৈঠক শেষে মঙ্গলবার কেরি ওই ঘোষণা দিয়েছিলেন।

এদিকে ইয়েমেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দেল মালেক আল-মেখলাফি অভিযোগ করেছেন, পদত্যাগকারী সরকারের সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়াই কেরি তার পরিকল্পনা ঘোষণা করেছেন।

সৌদি বিমান হামলায় নিজেদের ধ্বংসপ্রাপ্ত বাড়ির ওপর বসে আছে এক ইয়েমেনি শিশু

ইয়েমেনে গত ২০ মাসের সৌদি আগ্রাসনে অন্তত ১১,০০০ মানুষ নিহত হয়েছে।  ব্যাপকভাবে বেসামরিক মানুষ নিহত হওয়ার কারণে সৌদি আরবের ওপর আগ্রাসনে বন্ধের জন্য আন্তর্জাতিক চাপ তৈরি হচ্ছিল।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দমন ও পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করে সৌদি আরব। তবে এখন পর্যন্ত সাধারণ মানুষ হত্যা এবং দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি করা ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি সৌদি আরব। এবার লক্ষ্য অর্জন ছাড়াই যুদ্ধবিরতিতে যেতেও সম্মত হয়েছে রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭