ইয়েমেনে সৌদি হামলা থেমে নেই: আজও নিহত ১২
সৌদি বাহিনী ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে একটি পিক-আপ ট্রাকে বোমা বর্ষণ করলে অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছে।
আজ (বুধবার) স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, হাজ্জাহ প্রদেশের হিরণ এলাকায় লোকজন কেনাকাটা করার লক্ষ্যে ওই পিক-আপ ট্রাকে করে একটি স্থানীয় বাজারের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় সৌদি জঙ্গিবিমান তাদের ওপর বোমা বর্ষণ করে। হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকায় সৌদি বাহিনীর হামলায় আরো ছয় ব্যক্তি আহত হয়।
এছাড়া, সৌদি জঙ্গিবিমান সানা প্রদেশের নিহম এবং তা'য়িজ প্রদেশের ধুবাব এলাকায় বোমা বর্ষণ করেছে। তবে এসব হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি। এদিকে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির অঞ্চলের রাবুয়াহ এলাকায় ইয়েমেনি স্নাইপারদের হামলায় চার সৌদি সেনা নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
গত ২০ মাসেরও বেশি সময় ধরে নিজের মুসলিম প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি সরকার। ইয়েমেনি সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ যোদ্ধারা বর্বরোচিত সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে এ হামলা চালাচ্ছে রিয়াদ। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করতে সৌদি সরকারকে বেপরোয়া করে তুলেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩