তুরস্কের দাবি: সিরিয় বিমান হামলায় ৩ সেনা নিহত
-
তুর্কি সেনাদের ট্যাংকবহর
সিরিয়ার বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত ও ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে আংকারা। আজ (বৃহস্পতিবার) তুরস্কের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গতরাত সাড়ে তিনটার দিকে তুর্কি বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে একটি অভিযান চালানোর সময় সিরিয়ার বিমান বাহিনী ওই হামলা চালায়।
গত ২৪ আগস্ট থেকে দামেস্কের অনুমতি ছাড়াই সিরিয়ার ভেতরে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথিত সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। তারপর থেকে এই প্রথম তুরস্ক তার বাহিনীর ওপর সিরিয় সেনাদের হামলার বিষয়ে অভিযোগ তুলল।
সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের কথা বললেও তুরস্ক মূলত সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও কথিত ফ্রি সিরিয়ান আর্মিকে সমর্থন দিচ্ছে। এসব গোষ্ঠী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সরকারকে উৎখাতের জন্য সহিংসতা চালাচ্ছে। সিরিয়া অভিযানে শত শত তুর্কি সেনা অংশ নিচ্ছে এবং গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আল-বাব শহরটি দখলে নেয়ার জন্য তার দেশের সেনারা অভিযান চালাচ্ছে।
এদিকে, সিরিয়ার কয়েকটি সূত্র বলেছে, আলেপ্পো প্রদেশের আখতারিন শহরে তুরস্ক একটি সামরিক ঘাঁটি তৈরি করছে। তুর্কি সামরিক অভিযানের নিন্দা করে আসছে সিরিয়া সরকার। দামেস্ক বলছে, বিনা অনুমতিতে যেকোনো ধরনের অভিযান চালানো হোক না কেন তাতে দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪