‘শরণার্থী দিয়ে ইউরোপকে ভাসিয়ে দেয়ার হুমকি দিল তুরস্ক’
https://parstoday.ir/bn/news/west_asia-i26683-শরণার্থী_দিয়ে_ইউরোপকে_ভাসিয়ে_দেয়ার_হুমকি_দিল_তুরস্ক’
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-তে তুরস্কের যোগদানের বিষয়ে আলোচনা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা করেছে তুর্কি সরকার। গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল দেশটির সরকার। ফলে ইউরোপীয় সংসদ সম্প্রতি আঙ্কারা সরকারের সঙ্গে ইইউ-তে তুরস্কের যোগদানের বিষয়ে আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০১৬ ১৩:৫৬ Asia/Dhaka
  • তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম
    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ-তে তুরস্কের যোগদানের বিষয়ে আলোচনা বন্ধ করার সিদ্ধান্তের নিন্দা করেছে তুর্কি সরকার। গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর সন্দেহভাজনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিল দেশটির সরকার। ফলে ইউরোপীয় সংসদ সম্প্রতি আঙ্কারা সরকারের সঙ্গে ইইউ-তে তুরস্কের যোগদানের বিষয়ে আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।  

এ বিষয়ে রাজধানী আঙ্কারায় আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, “ইইউ’র এই সিদ্ধান্ত আমাদের কাছে কোনো অর্থ বহন করে না। ইইউ’র সঙ্গে আমাদের সম্পর্ক কোনো অর্থেই জোরালো নয়। বরং তাদের সঙ্গে আমাদের বিরক্তিকর ঠুনকো একটি সম্পর্ক রয়েছে। এখানেই বিশাল পার্থক্য যে, যৌক্তিক কারণ ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নিয়ে ইউরোপ বলছে, নিরাপত্তা ইস্যুতে তুরস্ককে এ জোটে ঢুকতে দেয়া হবে না। আমরা আশা করছি, ইইউ’র নেতৃত্বদানকারী দেশের নেতারা এই অদূরদর্শিতা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।”

ইলদিরিম সতর্ক করে বলেন, গত মার্চে সই করা চুক্তির অধীনে তুরস্ক যদি সহায়তা না দেয় তাহলে ‍উদ্বাস্তু ও শরণার্থীতে ইউরোপ প্লাবিত হতে পারে। তিনি বলেন, “আমরাই একমাত্র দেশ যারা ইউরোপকে রক্ষা করছি। যদি শরণার্থীরা যেতে পারত, তাহলে ইউরোপ শরণার্থীতে ভেসে যেত। কিন্তু তুরস্ক তা প্রতিরোধ করেছে। আমি স্বীকার করি, ইউরোপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে তুরস্কের ক্ষতি হবে, কিন্তু এরচেয়ে পাঁচ থেকে ছয় গুণ বেশি ক্ষতি হবে ইউরোপের।”

এরইমধ্যে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ইউরোপীয় সংসদের প্রস্তাব অকার্যকর বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইইউ’র আর্থ-রাজনৈতিক অদূরদর্শিতার কারণেই ব্রিটেন ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫