ইয়েমেনে ‘ন্যাশনাল সালভেশন’ সরকার গঠনের ঘোষণা
-
এডেনের সাবেক গভর্নর আব্দুল আজিজ বিন হাবতুর নয়া সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন দেশে একটি নতুন ঐক্যমত্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছে। আনসারুল্লাহ ও তার সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত এ সরকারের নাম দেয়া হয়েছে ‘ন্যাশনাল সালভেশন’ সরকার।
ইয়েমেনের বিভিন্ন বার্তা সংস্থার বরাত দিয়ে প্রেস টিভি এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, এডেনের সাবেক গভর্নর আব্দুল আজিজ বিন হাবতুরকে এ সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রশাসন পরিচালনার পাশাপাশি বর্বরোচিত সৌদি আগ্রাসন প্রতিহত করা হবে এ সরকারের প্রধান কাজ। সাতজন প্রতিমন্ত্রী এবং তিনজন উপ-প্রধানমন্ত্রীসহ ‘ন্যাশনাল সালভেশন’ সরকারে ৩৫ জন মন্ত্রী থাকবেন।
নয়া সরকার চলতি বছরের গোড়ার দিকে গঠিত সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের স্থলাভিষিক্ত হবে। হুথি আনসারুল্লাহ আন্দোলন ও সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র রাজনৈতিক দল মিলে ওই কাউন্সিল গঠন করেছিল।
আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, নতুন সরকার গঠনের ফলে জাতিসংঘের উদ্যোগে চলমান শান্তি আলোচনার কোনো ক্ষতি হবে না। গত আগস্টে সর্বশেষ ওই আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছিল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯