'অবিলম্বে সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন'
দারিদ্র্যপীড়িত ইয়েমেনে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য ওয়াশিংটনের প্রতি আবারো আহ্বান জানিয়েছে আন্তার্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। সেই সঙ্গে ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের 'বেআইনি' বিমান হামলায় অংশ নেয়ার ব্যাপারে মার্কিন কর্মকর্তাদেরকে পুর্নবিবেচনার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে লেখা এক চিঠিতে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থাটির ওয়াশিংটন শাখার পরিচালক সারাহ মারগন এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "আমেরিকা সৌদি আরবের কাছে লাখ লাখ ডলার মূল্যের অস্ত্র বিক্রি করার অনুমতি দিচ্ছে। অথচ রিয়াদ এবং তার মিত্র দেশগুলো সেই অস্ত্র দিয়ে ইয়েমেনের বাড়িঘর, স্কুল, হাসপাতাল এবং এমনকি জানাজা অনুষ্ঠানে হামলা চালাচ্ছে।"
সারাহ বলেন, সৌদি আরবের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে রিয়াদ এবং ইয়েমেন বিষয়ে মার্কিন নীতি পরিবর্তনের ক্ষেত্রে প্রেসিডেন্ট বারাক ওবামার হাতে এখনো সর্বশেষ সুযোগ রয়েছে। এছাড়া, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন মিত্র দেশগুলোর বহু 'বেআইনি' বিমান হামলার সম্ভাব্য শরিক হওয়ার ক্ষেত্রে আমেরিকার উচিত বিষয়টি পুর্নবিবেচনা করা। কেবল ২০১৫ সালে রাজতান্ত্রিক সৌদি সরকারের কাছে ২,০০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিল আমেরিকা।
গত ২০ মাসেরও বেশি সময় ধরে নিজের মুসলিম প্রতিবেশী দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি সরকার। ইয়েমেনি সামরিক বাহিনী এবং আনসারুল্লাহ যোদ্ধারা বর্বরোচিত সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং আনসারুল্লাহ আন্দোলনকে দমনের উদ্দেশ্যে এ হামলা চালাচ্ছে রিয়াদ। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজের নীরবতা ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করতে সৌদি সরকারকে বেপরোয়া করে তুলেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২