সিরিয়ায় ৩০০ কমান্ডো মোতায়েন করছে তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i27790-সিরিয়ায়_৩০০_কমান্ডো_মোতায়েন_করছে_তুরস্ক
মার্কিন সমর্থিত সামরিক অভিযানকে আরো জোরদার করার জন্য প্রতিবেশী সিরিয়ায় নতুন করে কয়েকশ সেনা পাঠাচ্ছে তুরস্ক।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৯, ২০১৬ ০৯:৪৯ Asia/Dhaka
  • তুর্কি সেনাবাহিনীর ট্যাংকবহর
    তুর্কি সেনাবাহিনীর ট্যাংকবহর

মার্কিন সমর্থিত সামরিক অভিযানকে আরো জোরদার করার জন্য প্রতিবেশী সিরিয়ায় নতুন করে কয়েকশ সেনা পাঠাচ্ছে তুরস্ক।  

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সেনা সূত্র বলেছে, ১১ কমান্ড ব্রিগেডের স্পেশাল ফোর্সের ৩০০ সেনা এরইমধ্যে কারদাক বিমানঘাঁটি থেকে সিরিয়ায় রওয়ানা দিয়েছে। ওই সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জাানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেনিজলি প্রদেশের বিমানঘাঁটি থেকে সেনারা গতকাল (বৃহস্পতিবার) রওয়ানা দিয়েছে। তবে এসব সেনা সিরিয়ার ভেতরে ঢুকে পড়েছে কিনা এবং তাদেরকে সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন করা হবে কিনা তা ওই সূত্র  পরিষ্কার করে নি।

গত ২৪ আগস্ট থেকে তুরস্কের স্পেশাল ফোর্স ও বিমান বাহিনী ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ নামে সিরিয়ার ভেতরে সেনা অভিযান শুরু করে। সে সময় দাবি করা হয়েছিল- উগ্র দায়েশ সন্ত্রাসী ও কুর্দি গেরিলাদের হাত থেকে সীমান্ত অঞ্চল মুক্ত করার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবশ্য, তুরস্ক এ কথাও ঘোষণা করেছে যে, বাশার আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত কথিত ‘ফ্রি সিরিয়ান আর্মি’কে তারা সমর্থন দিচ্ছে। সিরিয়ার সরকার তুরস্কের এ পদেক্ষেপের নিন্দা ও প্রতিবাদ করেছে। দামেস্ক বলেছে, বিনা অনুমতিতে সিরিয়ার ভেতরে কারো সেনা অভিযান চালানোর অধিকার নেই এবং তা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯