বিস্ফোরণের পর তুরস্কে ব্যাপক ধরপাকড়; ২৪০ জন আটক
-
তুরস্কে আটক অভিযান
কুর্দি গেরিলাদের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তুরস্কের নিরাপত্তা বাহিনী প্রায় ২৪০ জনকে আটক করেছে। আটক ব্যক্তিদের অনেকেই কুর্দিপন্থী দল পিপল’স ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি’র সদস্য।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের আটক অভিযান চলেছে এগারটি প্রদেশে। মন্ত্রণালয় আরো জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘সন্ত্রাস বিস্তারে দলীয় প্রচারণা’ ও নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলা গোষ্ঠীর পক্ষে কাজ করার অভিযোগে ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তুর্কি সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধীদল এইচডিপি’র প্রায় ১২০ জন কর্মকর্তা রয়েছেন।
পিকেকে ইস্তাম্বুলের ফুটবল স্টেডিয়ামের বাইরে জোড়া বোমা হামলার দায় স্বীকার করার পর এইচডিপি কর্মকর্তাদের গ্রেপ্তার করা হলো। ইস্তাম্বুলে দলের প্রাদেশিক প্রধানসহ ২০ এইচডিপি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজধানী আঙ্কারা থেকে আটক করা হয়েছে ১৮ জনকে।
কুর্দি অধ্যুষিত দক্ষিণের শহর আদানায় ২৫ এইচডিপি কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য সশস্ত্র যান ও একটি হেলিকপ্টার নিয়ে প্রায় ৫০০ পুলিশ ব্যাপক অভিযান চালায়।
দক্ষিণের শহর মার্সিনে এইচডিপির সাথে যুক্ত ৫০ জনেরও বেশি এবং উত্তর-পশ্চিমের প্রদেশ মানিসায় ৫ জনকে আটক করা হয়েছে। পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে বিচারাধীন মামলায় এইচডিপি’র প্রধান নেতারা এরইমধ্যে কারাগারে আছেন। তুরস্ক এইডিপি’র বিরুদ্ধে সশস্ত্র গেরিলা গোষ্ঠীর রাজনৈতিক হাতিয়ার হওয়ার অভিযোগ তুলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২