তুরস্কে গাড়িবোমা হামলায় ১৩ সেনা নিহত; খবর প্রচারে নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/west_asia-i28486-তুরস্কে_গাড়িবোমা_হামলায়_১৩_সেনা_নিহত_খবর_প্রচারে_নিষেধাজ্ঞা
তুরস্কের মধ্যাঞ্চলীয় কেইসারি প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে আজ (শনিবার) এক গাড়িবোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত ও ৪৮ জন আহত হয়েছে। তুরস্কের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৬ ১৪:৩৩ Asia/Dhaka
  • তুরস্কে বোমা বিস্ফোরণে বিধ্বস্ত বাস
    তুরস্কে বোমা বিস্ফোরণে বিধ্বস্ত বাস

তুরস্কের মধ্যাঞ্চলীয় কেইসারি প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে আজ (শনিবার) এক গাড়িবোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত ও ৪৮ জন আহত হয়েছে। তুরস্কের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি স্টপেজ পার হওয়ার সময় তাতে বোমার বিস্ফোরণ ঘটে। তুরস্কের বেসরকারি টিভি চ্যানেল এনটিভি জানিয়েছে, ডিউটির বাইরে থাকা সেনা ও বেসামরিক লোকজন ছিল ওই বাসে। সামরিক বাহিনী বলেছে, আহতদের মধ্যে বেসামরিক লোকজনও থাকতে পারে।

বিস্ফোরণের পরপরই তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ খবর প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেন। তিনি বলেন, এ ঘটনা প্রচারের পর জনগণের মধ্যে এক ধরনের ভীতি দেখা দিতে পারে এবং তা সন্ত্রাসী সংগঠনগুলোর লক্ষ্য হাসিলে সহায়তা করবে। স্থানীয় গণমাধ্যম দোগান বলেছে, বাসের পাশ দিয়ে একটি ট্যাক্সি যাচ্ছিল এবং বিস্ফোরক বোঝাই সেই ট্যাক্সিতে বিস্ফোরণের পর বাসটি বিধ্বস্ত হয়েছে।

গত শনিবার ইস্তাম্বুলের একটি ফুটবল স্টেডিয়ামের বাইরে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার পর আজ আবার বোমা হামলার কবলে পড়ল তুরস্ক। তবে এখনো কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭