রুশ রাষ্ট্রদূতের ঘাতক এরদোগানের সাবেক নিরাপত্তা রক্ষী: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i28822-রুশ_রাষ্ট্রদূতের_ঘাতক_এরদোগানের_সাবেক_নিরাপত্তা_রক্ষী_রিপোর্ট
তুরস্কের রাজধানী আংকারায় নিহত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভের ঘাতক মেভলুত আলতিনতাস ছিলেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাবেক নিরাপত্তা রক্ষী।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৬ ১৫:২০ Asia/Dhaka
  • ঘাতক মেভলুত আলতিনতাস
    ঘাতক মেভলুত আলতিনতাস

তুরস্কের রাজধানী আংকারায় নিহত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভের ঘাতক মেভলুত আলতিনতাস ছিলেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাবেক নিরাপত্তা রক্ষী।  

তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকা আজ (বুধবার) এ খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, আলতিনতাস যে টিমে কাজ করতেন সে টিমের দায়িত্ব ছিল রাষ্ট্র প্রধানের যাতে কোনো রকম ক্ষতি না হয় তা নিশ্চিত করা। এ টিমের অবস্থান হচ্ছে এরদোগানের বক্তিগত নিরাপত্তারক্ষীদের চেয়ে এক ধাপ নিচে।

দৈনিক হুররিয়াত জানিয়েছে, চলতি বছরের ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর আলতিনতাস অন্তত আট বার এরদোগানের নিরাপত্তা দিয়েছেন। সব মিলিয়ে আলতিনতাস আড়াই বছর তুরস্কের দাঙ্গা পুলিশে দায়িত্ব পালন করেছেন।

গতকাল তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় আয়দিন প্রদেশ থেকে হত্যাকারীর মা, বাবা, বোন ও দুই আত্মীয়কে আটক করা হয়েছে। এছাড়া, রাজধানী আংকারা থেকে তার এক রুমমেটকে আটক করা হয়। তুরস্কের গণমাধ্যম বলছে, রুশ রাষ্ট্রদূত হত্যার ঘটনায় পরে আরো সাতজনকে আটক করা হয়েছে।

এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ফোনালাপে বলেছেন, হত্যা ষড়যন্ত্রের সঙ্গে আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা ফতেউল্লাহ গুলেন জড়িত রয়েছেন। গত জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়েও তুর্কি সরকার গুলেনকে দায়ী করে আসছে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১