তুর্কি বিমান হামলা জোরদার: সিরিয়ার ৮৮ বেসামরিক নাগরিক নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i28996-তুর্কি_বিমান_হামলা_জোরদার_সিরিয়ার_৮৮_বেসামরিক_নাগরিক_নিহত
তুরস্কের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় অন্তত ৮৮ জন বেসামরিক নাগরিক মারা গেছে। তুরস্কের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে, তুর্কি সরকার সিরিয়ার ভেতরে বিমান অভিযান জোরদার করেছে। তুরস্ক দাবি করে আসছে- সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা অভিযান চালাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ১৪:৩৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

তুরস্কের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় অন্তত ৮৮ জন বেসামরিক নাগরিক মারা গেছে। তুরস্কের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে, তুর্কি সরকার সিরিয়ার ভেতরে বিমান অভিযান জোরদার করেছে। তুরস্ক দাবি করে আসছে- সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা অভিযান চালাচ্ছে।

আজ (শুক্রবার) ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তুরস্কের জঙ্গিবিমানগুলো সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-বাব শহরে একদিন আগে কয়েকদফা হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৭২ জন বেসামরিক নাগরিক মারা গেছে। এর মধ্যে অন্তত ২১টি শিশু রয়েছে। অন্য এক হামলায় মারা গেছে ১৬ জন বেসামরিক নাগরিক।

গত এক সপ্তাহ ধরে তুর্কি সরকার ও তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী আল-বাব শহর নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। আগস্ট মাস থেকে সিরিয়ার ভেতরে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। তবে এর মধ্যে গত দুদিন ধরে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তুর্কি সামরিক বাহিনী। সিরিয়ার সরকার তুরস্কের এসব সামিরক অভিযানের নিন্দা ও সমালোচনা করে আসছে। বিনা অনুমতিতে এ ধরনের সামরিক অভিযানকে সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে মনে করছে দামেস্ক সরকার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩