পুরো সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করেছে সামরিক বাহিনী
-
ফাইল ফটো
দেশজুড়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়ার সামরিক বাহিনী। আজ (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সিরিয়ায় চলমান কয়েক বছরের সংঘাত অবসানের চেষ্টা চলছে যখন তখন এ যুদ্ধবিরতি ঘোষণা করা হলো।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ৩০ ডিসেম্বর রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই যুদ্ধবিরতি শুরু হয়ে যাবে। তবে এর আওতায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও ফাতেহ আশ-শাম এবং তাদের সহযোগীরা পড়বে না।
সিরিয়ার সামরিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিকভাবে দেশের চলমান সমস্যা সমাধানের জন্য একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
এর আগে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার সরকার এবং বিদেশী মদদপষ্ট বিরোধীরা যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছেছে। সমঝোতা অনুযায়ী সিরিয়ার সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯