'তুর্কি বিমানে করে ইয়েমেন গেছে দায়েশ সন্ত্রাসীরা'
-
তুর্কি বিমান
তুরস্কের একটি বিমানে করে সিরিয়া থেকে ১৫০ জন তাকফিরি দায়েশ সন্ত্রাসীকে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনের ওয়েবসাইট এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, সিরিয়ার আলেপ্পো শহর থেকে সম্প্রতি এসব সন্ত্রাসীকে সরিয়ে নেয়া হয়েছিল। গত ২২ ডিসেম্বর সিরিয়ার সরকারি সেনারা এ শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।
ইয়েমেনের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, যে বিমানবন্দরে সন্ত্রাসীদের নিয়ে তুর্কি বিমানটি নেমেছে তা সংযুক্ত আরব আমিরাতের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসনে অংশ নিচ্ছে আমিরাত।
আল-মাসিরা নিউজ জানিয়েছে, তুরস্কের এই বিমানে করেই সৌদি আরবের ১৫৮ জন আহত ভাড়াটে সেনাকে তুরস্কে নেয়া হবে। এসব ভাড়াটে সেনা সম্প্রতি ইয়েমেনি সেনাবাহিনী ও বিপ্লবী যোদ্ধাদের সঙ্গে তায়িজ প্রদেশে সংঘর্ষের সময় আহত হয়। তারা এখন তুরস্কের হাসপাতালে চিকিৎসা নেবে। তুরস্ক হচ্ছে- সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রধান সমর্থক। আংকারা তাদেরকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে এবং তুরস্কের ভেতর দিয়ে নিরাপদে চলাফেরার জন্য সব ব্যবস্থা করেছে। এছাড়া, ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি সমর্থন দিয়ে আসছে তুরস্ক।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১