দ্বন্দ্বের মধ্যেই ইরাক সফরে যাচ্ছেন তুর্কি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i29962-দ্বন্দ্বের_মধ্যেই_ইরাক_সফরে_যাচ্ছেন_তুর্কি_প্রধানমন্ত্রী
ইরাকের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই দেশটি সফরে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মিশন নিয়ে তিনি বাগদাদ সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ১৩:৩৫ Asia/Dhaka
  • তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম
    তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম

ইরাকের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই দেশটি সফরে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। ইরাকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মিশন নিয়ে তিনি বাগদাদ সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস জানিয়েছেন, “আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বিনালি ইরাক সফর করবেন এবং এর মাধ্যমে নতুন যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে।” কুরতুলমুস জানান, “সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও ইরাকের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য বিনালি বাগদাদ সফরে যাচ্ছেন।“ তিনি বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বলেন, “নতুন শান্তির সম্ভাবনা এখন দোর গোড়ায়।”

২০১৫ সালের ডিসেম্বর মাসে বিনা অনুমতিতে ইরাকের মাটিতে তুরস্ক সেনা পাঠিয়েছিল। সেই থেকে দু দেশের মধ্যে সম্পর্কের মারাত্মক টানাপড়েন চলছে। বাগদাদ সরকার বার বার বলছে, ইরাকের মাটি থেকে তুর্কি সেনা অবশ্যই ফিরিয়ে নিতে হবে। তবে বাগদাদের এ আহ্বান উপেক্ষা করে আসছে তুরস্ক। তুর্কি প্রধানমন্ত্রীর আসন্ন সফরের মধ্যদিয়ে দু দেশের এ টানাপড়েন কীভাবে শেষ হয় তাই এখন দেখার বিষয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩