ঘাতক ইসরাইলি সেনাকে ক্ষমা করে দেয়ার আহ্বান নেতানিয়াহুর
https://parstoday.ir/bn/news/west_asia-i30118-ঘাতক_ইসরাইলি_সেনাকে_ক্ষমা_করে_দেয়ার_আহ্বান_নেতানিয়াহুর
একজন আহত ফিলিস্তিনিকে জনসমক্ষে গুলি করে হত্যা করার দায়ে অভিযুক্ত একজন ইসরাইলি সেনাকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৭ ০৩:৫২ Asia/Dhaka
  • ঘাতক ইসরাইলি সেনাকে ক্ষমা করে দেয়ার আহ্বান নেতানিয়াহুর

একজন আহত ফিলিস্তিনিকে জনসমক্ষে গুলি করে হত্যা করার দায়ে অভিযুক্ত একজন ইসরাইলি সেনাকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার ইসরাইলের একটি আদালত ইহুদিবাদী সেনা সার্জেন্ট ইলোর আজারিয়াকে একজন আহত ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত করে। গত বছর পশ্চিম তীরের আল-খলিল (হেবরন) শহরে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষের জের ধরে আহত হয়ে রাস্তায় পড়ে যান ফিলিস্তিনি যুবক আবেদ আল-ফাতাহ আশ-শরিফ।  এ অবস্থায় ভূমিতে ধরাশায়ী শরিফের মাথায় গুলি করে তাকে হত্যা করে সার্জেন্ট ইলোর।

এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ধারণ করেন ঘটনাস্থলে উপস্থিত আরেক ফিলিস্তিনি।  একটি ইসরাইলি মানবাধিকার গোষ্ঠী ভিডিওটি প্রকাশ করার পর ফুটেজটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।  ইসরাইলি আদালত বুধবার এক রুলিংয়ে বলেছে, আগামী রোববার সার্জেন্ট ইলোরের শাস্তি ঘোষণা করা হবে।

ইসরাইলি আইনে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে। আহত ফিলিস্তিনি রাস্তায় পড়ে থাকা অবস্থায়ও ইসরাইলি সেনাদের জন্য হুমকি সৃষ্টি করছিল বলে যে দাবি সার্জেন্ট ইলোর করেছেন তা নাকচ করে দিয়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে।

কিন্তু উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে ঘাতক ইসরাইলি সেনাকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানিয়েছেন। আদালতে ইলোর দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি ওই স্ট্যাটাসে লিখেছেন, “এটি আমাদের সবার জন্য একটি কঠিন ও বেদনাদায়ক দিন।  ইলোর ও তার পরিবারের জন্য এ বেদনার কোনো সীমা নেই।  এ ঘটনায় বেদনাহতদের মধ্যে আমি অন্যতম।”

যুদ্ধবাজ নেতানিয়াহু আরো লিখেছেন, “আমি ইলোর আজারিয়াকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানাচ্ছি।”

একজন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আদালতে অভিযুক্ত একজন ঘাতককে ক্ষমা করে দেয়ার এ আহ্বান জানানোর পর ইসরাইলি আদালত এখন কি রায় দেয় তা দেখার জন্য তাকিয়ে থাকবেন ফিলিস্তিনি জনগণসহ বিশ্বের সব পর্যবেক্ষক।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫