‘মার্কিন নয়, রুশ বিমান সহায়তা নিচ্ছে তুরস্ক’
-
রুশ এসইউ-৩৪ বোমারু বিমান
আমেরিকার দুজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ায় তুর্কি সেনাদের অভিযান চালানোর জন্য মার্কিন বিমান সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক সরকার। এর পরিবর্তে আংকারা রাশিয়ার কাছে বিমান সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে।
মার্কিন দুই কর্মকর্তা এনবিসি নিউজ টেলিভিশনকে বলেছেন, গত কয়েকদিনে রাশিয়ার কাছ থেকে তুরস্ক বিমান সহায়তা নিয়েছে এবং দেশটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট থেকে বিমান সহায়তা নিতে অস্বীকার করেছে। যখন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক বলছেন, তুরস্কের জনমনে আমেরিকার অসহযোগিতা মারাত্মক অসন্তোষ সৃষ্টি করেছে এবং আমেরিকার পক্ষ থেকে ইনজারলিক বিমানঘাঁটি ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তখন মার্কিন সামরিক কর্মকর্তারা এ অভিযোগ করলেন।
সিরিয়ার আল-বাব শহরে দায়েশ অবস্থানে রাশিয়া বোমা হামলা চালাচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে মার্কিন এক কর্মকর্তা বলেন, তারা সেখানে বোমা হামলা করছে। গত আগস্ট মাস থেকে তুর্কি সেনারা আল-বাব শহরটি দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোট তাতে তুর্কি সেনাদের সহযোগিতা করছে না বলে আংকারা অভিযোগ তুলেছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সরাসরি বলেছেন, “মার্কিন নেতৃত্বাধীন জোট তুরস্ককে বিমান সহায়তা দিতে ব্যর্থ হয়েছে তবে যাইহোক, তুরস্ক শহরটি দায়েশ-মুক্ত করবে।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫