উত্তেজনার মাঝেই ইরাক সফরে গেলেন তুরস্কের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i30322-উত্তেজনার_মাঝেই_ইরাক_সফরে_গেলেন_তুরস্কের_প্রধানমন্ত্রী
ইরাক ও তুরস্কের মধ্যে বাগযুদ্ধ চলার মধ্যেই তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাগদাদ সফরে গেছেন। বাগদাদ সরকারের বিনা অনুমতিতে ইরাকের মসুল এলাকায় তুর্কি সেনা পাঠানোর পর থেকে তুরস্ক ও ইরাকের মধ্যে এই বাগযুদ্ধ শুরু হয়। এ ঘটনায় দু দেশের মধ্যে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০১৭ ১৪:৪৫ Asia/Dhaka
  • তুর্কি প্রধানমন্ত্রী ইলদিরিম (বামে) ও ইরাকি প্রধানমন্ত্রী এবাদি
    তুর্কি প্রধানমন্ত্রী ইলদিরিম (বামে) ও ইরাকি প্রধানমন্ত্রী এবাদি

ইরাক ও তুরস্কের মধ্যে বাগযুদ্ধ চলার মধ্যেই তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বাগদাদ সফরে গেছেন। বাগদাদ সরকারের বিনা অনুমতিতে ইরাকের মসুল এলাকায় তুর্কি সেনা পাঠানোর পর থেকে তুরস্ক ও ইরাকের মধ্যে এই বাগযুদ্ধ শুরু হয়। এ ঘটনায় দু দেশের মধ্যে অনেকটা অচলাবস্থা তৈরি হয়েছে।

দু দিনের সফরে বাগদাদ পৌঁছালে তুর্কি প্রধানমন্ত্রী ইলদিরিমকে স্বাগত জানান ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। এরপর তারা বৈঠকে বসেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায় নি। ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফারুক কেইমাকচি টুইটার বার্তায় বলেছেন, “আমরা আশা করি ইলদিরিমের এ সফরের মাধ্যমে ইরাক ও তুরস্কের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি হবে।”

২০১৫ সালের ডিসেম্বর মাসে তুরস্ক মসুলের বাশিকা ক্যাম্পে প্রায় ৫০০ সেনা মোতায়েন করে। কিন্তু ইরাক সরকার ও দেশটির জনগণ তুর্কি সরকারের এ ভূমিকার প্রতিবাদ করে আসছে। তুর্কি সরকার দাবি করছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে স্বেচ্ছাসেবীদের লড়াইয়ের প্রশিক্ষণ দেয়ার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। তবে তুরস্ক নিজেই দায়েশকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭