‘ওরা যুদ্ধবিরতি মানছে না’
-
৫ জানুয়ারি বোমা হামলার ছবি
সিরিয়ার আ’জাজ শহরে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শহরের আদালত ভবনের সামনে এ হামলা চালানো হয় এবং এতে একটি জ্বালানি ট্যাংকার উড়ে গেছে। হামলায় আরো কয়েক ডজন আহত হয়েছে। আলেপ্পোর উত্তরে আ’জাজ শহরের অবস্থান।
সিরিয়ার সেনারা যখন দেশব্যাপী যুদ্ধবিরতি পালন করছে তখন এ হামলা হলো। আজকের (শনিবার) হামলার মধ্যদিয়ে আবারো পরিষ্কার হলো যে, বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের কোনো কোনো অংশ সিরিয়ার চলমান যুদ্ধবিরতি মানছে না।
প্রাথমিক খবর অনুযায়ী, আজকের হামলায় কয়েকটি সরকারি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো কয়েক ডজন ভবন। তুরস্কের দোগান বার্তা সংস্থা জানিয়েছে, আ’জাজ শহরের এ বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, তুর্কি সীমান্তবর্তী কিলিস শহর থেকে এর শব্দ শোনা গেছে।
তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব কেউ স্বীকার করে নি। গত নভেম্বর মাসে এ শহরে সন্ত্রাসীদের সদর দপ্তরে এক বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছিল। ধারণা করা হয় উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭