এরদোগানের সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার
-
মাকসুদ কারাল (সামনে বামে)
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাবেক নিরাপত্তা প্রধান মাকসুদ কারালকে গ্রেফতার করা হয়েছে। আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুর্কি রাজনৈতিক ও ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।
তুর্কি সরকার অভিযোগ করে আসছে, গুলেনের পরিকল্পনাতেই গত ১৫ জুলাই তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। অবশ্য, ফতেউল্লাহ গুলেন এ অভিযোগ সবসময় নাকচ করে এসেছেন।
মাকসুদ কারালকে বুধবার গ্রেফতার করা হয় এবং “সন্ত্রাসী সংগঠনের” সদস্য হওয়ার জন্য তাকে দোষী করা হয়েছে। গত ২৯ অক্টোবর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এক ডিক্রি জারি করে কারালকে বরখাস্ত করেন। অবৈধ সোনার খনির মালিকানা থাকার সন্দেহে গত মাসে তিন সহযোগীসহ কারালকে প্রথম আটক করা এবং পরে মুক্তি দেয়া হয়।
জুলাই মাসের ওই ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকোর সন্দেহে এ পর্যন্ত অন্তত ৪০,৮৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২,২৭৯ জন প্রশাসনিক ও বিচার বিভাগের লোক রয়েছেন। এছাড়া, ১৬৮ জন জেনারেল, ৭,৫৯৬ জন পুলিশ অফিসার, ১৭ জন গভর্নর, ৭৪ জন ডেপুটি গর্ভনর এবং ৬৯ জন জেলা গভর্নর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩