আস্তানা সম্মেলন: আলোচকদের নাম ঘোষণা করল সিরিয়ার সরকার ও গেরিলারা
-
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি
কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় অংশ নেয়ার জন্য নিজ নিজ প্রতিনিধিদলের নাম ঘোষণা করেছে দামেস্ক সরকার ও বিরোধী গেরিলারা।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারিকে গতকাল (মঙ্গলবার) সরকারি প্রতিনিধিদলের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। তার নেতৃত্বে প্রতিনিধিদলে আরো থাকবেন সামরিক ও বিচারবিভাগের কর্মকর্তারা। এর মাধ্যমে দামেস্ক সরকার মূলত পুরো দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি নিশ্চিত করবে। আগামী ২৩ জানুয়ারি এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে সিরিয়ার সামরিক ঘটনাবলী ও যুদ্ধবিরতি জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
অন্যদিকে, বিদেশি মদদপুষ্ট গেরিলাদের নেতৃত্ব দেবেন কথিত জয়শুল ইসলাম গোষ্ঠীর নেতা মুহাম্মাদ আলুশ। এ প্রতিনিধিদলে থাকবেন প্রায় ২০ জন সদস্য। তবে সম্মেলনে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও জাবহাত ফাতেহ আশ-শামকে আমন্ত্রণ জোনানো হয় নি। এ সম্মেলনে আমেরিকার ভবিষ্যত সরকারের প্রতিনিধি ও জাতিসংঘের কর্মকর্তাদেরকে আমন্ত্রণ জানানো হবে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮