আসাদকে ছাড়া সিরিয়া সমস্যার সমাধান সম্ভব নয়: তুরস্ক
তুরস্কের উপ প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক বলেছেন, তার দেশ এখন আর সিরিয়া সংকট সমাধানের জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ চায় না।
তিনি বলেন, সিরিয়ার বাস্তব অবস্থার নাটকীয় পরিবর্তন হয়েছে; সে কারণে তুরস্ক এখন আর প্রেসিডেন্ট আসাদকে বাদ দিয়ে সমস্যার সমাধান চায় না; এটা বাস্তবসম্মতও নয়।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় এসব কথা বলেছেন তুর্কি উপ প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সিরিয়া ইস্যুতে আমাদেরকে কার্যসিদ্ধ ও বাস্তবধর্মী হতে হবে।”
এর আগে, তুরস্কের সরকার বহুবার বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রেখে দেশটির চলমান সংকটের সমধান সম্ভব নয়। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এও বলেছিলেন, আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে; আসাদ সিরিয়ার ভবিষ্যত নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারেন না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০