আস্তানা বৈঠকে শুধুমাত্র সিরিয় পক্ষগুলোর মধ্যে আলোচনা হবে: দামেস্ক
-
জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বাশার আল-জাফারি
সিরিয়া বলেছে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় আজ যে শান্তি বৈঠক শুরু হতে যাচ্ছে তাতে সিরিয়ার সবগুলো পক্ষ অংশগ্রহণ করবে; বিদেশি কোনো পক্ষকে এ আলোচনায় জড়ানো যাবে না। আজ (সোমবার) থেকে শুরু হতে যাওয়া দু’দিনব্যাপী এ বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বাশার আল-জাফারি। তিনি আস্তানা বৈঠকে সিরিয়ার সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সিরিয়ার সরকার ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো অংশ নেবে। তবে সিরিয়ায় বিশ্বের অন্যান্য দেশ থেকে ঢুকে পড়া উগ্র তাকফিরি সন্ত্রাসীদের এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
গতমাসে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো শহর পুনরুদ্ধার করার পর দেশব্যাপী যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে তাকে স্থায়ী রূপ দিয়ে দেশটিতে পূর্ণ শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আস্তানা বৈঠকে আলোচনা হবে।
বাশার আল-জাফারি বলেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কোন্ পক্ষ কতোটা সদিচ্ছা নিয়ে অংশগ্রহণ করছে সেটি প্রমাণিত হবে। সব পক্ষের দৃঢ় ইচ্ছা থাকলে এই বৈঠকের মাধ্যমে সিরিয়া সংকটের ইতি টানা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
গত বছরের আগস্টে সিরিয়ায় তুর্কি সেনাদের অনুপ্রবেশের কথা উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত আঙ্কারার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সিরিয়ার প্রতিনিধিদল আস্তানায় তুর্কি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবে না।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩