এইচডিপি’র মুখপাত্রকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ
-
সংবাদ সম্মলনে বক্তব্য রাখছেন এইচডিপি’র মুখপাত্র আয়হান বিলগেন (মাঝে)
তুরস্কের পিপল’স ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি’র মুখপাত্র আয়হান বিলগেনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত ১৫ জুলাই ঘটে যাওয়া ব্যর্থ সেনা অভ্যুত্থানের সূত্র ধরে কুর্দিপন্থী বিরোধীদলের ওপর যে দমন-পীড়ন চলছে তার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হলো বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, কার্স শহরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী আয়হান বিলগেনকে আজ (রোববার) আঙ্কারার এসেনবোগা বিমানবন্দরের নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। পের সেখান থেকে তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে নেয়া হবে। সূত্রটি আরো জানায়, দিয়ারবাকির প্রসিকিউটরের কার্যালয়ে এক কথিত সন্ত্রাসী ঘটনার তদন্তে সাক্ষ্য দিতে ব্যর্থ হওয়ায় বিলগেনকে আটক করা হয়।
গতকাল এইচডিপি দলের আরো দুই সংসদ সদস্য হুদা কায়া ও মেরাল দানিস বেস্তাসকে একই তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে আদালতের তত্ত্বাবধানে মুক্তি দেয়া হয়। তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সূত্র ধরে ঘোষিত জরুরি অবস্থার অধীনে বিরোধীদের ওপর এই দমনপীড়ন চলছে। গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেন ও তার সংগঠনকে দায়ী করা হয়।
গত বছরের নভেম্বর মাসে কুর্দি গেরিলাদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে এইচডিপি দলের ১৩ জন সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা প্রত্যেকেই কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি বা পিকেকে’র সঙ্গে কোনরকম সম্পর্ক রাখার বিষয়টি অস্বীকার করেছেন। সম্প্রতি, এইচডিপি'র উপ প্রধান সালাহউদ্দিন দেমিরতাস ও ফিগেন ইয়ুকসেকদাগসহ যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখনও বিচারের অপেক্ষায় হেফাজতে রয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯