যুদ্ধবিরতির কারিগরি দিক নিয়ে বৈঠকে বসছে ইরান, রাশিয়া এবং তুরস্ক
সিরিয়ার যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করতে কাজাখাস্তানের রাজধানী আস্তানায় আবারো বৈঠকে বসছে ইরান, রাশিয়া এবং তুরস্ক। তিন জাতিগোষ্ঠীর তত্ত্বাবধানে সিরিয়ার সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কয়েক সপ্তাহ পর নতুন করে তারা আলোচনায় মিলিত হলো।
কাজাখাস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (সোমবার) বলেছে, গত বছর সিরিয়া ব্যাপী কার্যকরী হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের ব্যাপারে কথা বলতে জাতিসংঘসহ তিন দেশের বিশেষজ্ঞরা রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আলোচনার বিষয়বস্তুতে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে পর্যালোচনার পাশাপাশি এ বিষয়ে সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর মতামত নিয়ে আলোচনা করা এবং যুদ্ধবিরতি কিভাবে বাস্তবায়ন করা হবে তা অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুদ্ধবিরতি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে একটি কৌশল নির্ধারণ করতেই এ আলোচনা অনুষ্ঠিত হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, প্রথমবারের মতো জর্ডানের প্রতিনিধিরা এ আলোচনায় অংশ নিচ্ছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/৬