তুরস্কজুড়ে অভিযান: সন্দেহভাজন ৭৫০ দায়েশ আটক
-
তুর্কি পুলিশের অভিযান
তুরস্কের নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অভিযান চালিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্ক রাখার সন্দেহে ৭৪৮ জনকে আটক করেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। তবে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু বলেছে, ৭৬৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তুরস্কের সন্ত্রাসবাদ-বিরোধী পুলিশ সপ্তাহজুড়ে ২৯টি প্রদেশে অভিযানের প্রাথমিক পর্যায়ে ৭৪৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। এ সময় পুলিশ নানা ধরনের তথ্য-প্রমাণ, ডিজিটাল সামগ্রী, দুটি বন্দুক, চারটি রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করে।
ইংরেজি নতুন বছরের প্রাক্কালে তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইটক্লাবে গোলাগুলিতে ৩৯ ব্যক্তি নিহত হওয়ার মাসখানেক পর পুলিশ এ অভিযান চালাচ্ছে। ওই হামলায় বেশিভারগই বিদেশি নাগরিক নিহত হয়। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী নাইটক্লাবে হামলার দায়িত্ব স্বীকার করেছিল। দুই সপ্তাহ চেষ্টার পর তুর্কি পুলিশ হামলাকারী আবদুল কাদির মাশারিপভ নামে এক উজবেক নাগরিককে আটক করে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬