সিরিয়ায় রক্তপাতের জন্য ফ্রান্স সরাসরি দায়ী: আসাদ
-
ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ-১কে সাক্ষাৎকার দিচ্ছেন প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তার দেশে চলমান সংকট ও রক্তপাতের জন্য ফ্রান্স সরাসরি দায়ী। সংকটের প্রথম দিন থেকে ফ্রান্স উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করে আসছে এবং এটাই হচ্ছে সিরিয়ায় রক্তপাতের অন্যতম প্রধান কারণ।
ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ-১ এবং রেডিও চ্যানেল ইউরোপ-১কে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ এ কথা বলেন। তিনি বলেন, “আমার এ বক্তব্য নিছক কোনো অভিযোগ নয় বরং ফ্রান্সের কর্মকর্তারা বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তারা সিরিয়ার সরকার উৎখাতের তৎপরতায় লিপ্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করছেন। তারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর কথাও স্বীকার করেছেন। ফ্রান্স সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মধ্যমপন্থী গেরিলা বলে মনে করে এবং আমেরিকাও একই কথা বলে।” প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, “এটা আমার কথা নয়, তারাই বলেন।”
সিরিয়া সংকটের বিষয়ে পশ্চিমা দেশগুলোর দৃষ্টিভঙ্গি ও আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসাদ। তিনি বলেন, “পশ্চিমা প্রতিটি দেশের নেতা সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে কারণ তারা বলেন একটা আর করেন তার উল্টোটা। তারা সকালে একটা বলেন আর সন্ধ্যায় করেন আরেকটা। তাদের নীতিতে কোনো মূল্যবোধ নেই।” তিনি পরিষ্কার করে বলেন, সিরিয়ার জনগণের ভাগ্য পশ্চিমা দেশগুলো নির্ধারণ করার কেউ নয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭