তুরস্কের দাবি: সিরিয়ার আল-বাব শহর প্রায় দখলের কাছে
-
সিরিয়ায় তুর্কি বাহিনীর তৎপরতা
তুরস্কের সামরিক বাহিনী দাবি করেছে, সিরিয়ার আল-বাব শহরটি তারা পুরোপুরি দখলের কাছাকাছি পৌঁছেছে। শহরটি দীর্ঘদিন ধরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে।
তুর্কি সামরিক বাহিনী আজ (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, “আল-বাব শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার অভিযান প্রায় শেষ হয়ে এসেছে এবং সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।”
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গতরাতে আল-বাব শহরে তুর্কি বাহিনীর বোমাবর্ষণে নয়জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তবে তুর্কি সামরিক বাহিনী বলছে, তাদের হামলায় নিহত হয়েছে ১৩ সন্ত্রাসী।
গত বছরের আগস্ট মাসে তুর্কি বিমান বাহিনী ও বিশেষ স্থলবাহিনী সিরিয়ার ভেতরে অভিযান শুরু করে। সে সময় তুরস্ক সরকার ঘোষণা করে- সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সীমান্ত এলাকা থেকে হটিয়ে দিতে তারা এ অভিযান শুরু করেছে। তবে খোদ তুরস্কের বিরুদ্ধে দায়েশকে সমর্থনের অভিযোগ রয়েছে। সিরিয়া সরকার এ অভিযানের নিন্দা করে আসছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭