আমেরিকার কাছে রাকা দখলের পরিকল্পনা পেশ করল তুরস্ক
-
জেনারেল হুলুসি আকার (ডানে) এবং জেনারেল জোসেফ ডানফোর্ড
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহর দখলের জন্য আমেরিকার কাছে দুটি পরিকল্পনা পেশ করেছে তুরস্ক। তুরস্ক দাবি করছে, শহরটিকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ‘মুক্ত’ করার জন্য তারা পরিকল্পনা করছে।
তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকা গতকাল (শনিবার) জানিয়েছে, দেশটির সেনাপ্রধান জেনারেল হুলুসি আকার শুক্রবার মার্কিন জেনারেল জোসেফ ডানফোর্ডের কাছে এ পরিকল্পনা পেশ করেন। দুই পরিকল্পনায় কী রয়েছে তা এখনো জানা যায় নি। তুরস্ক বহুদিন ধরে সিরিয়ার ভেতরে বাফার জোন প্রতিষ্ঠার কথা বলে আসছে। তবে আমেরিকার সাবেক ওবামা সরকার বিষয়টি কখনই বিবেচনা করে নি বরং এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তাতে পরিস্থিতি আরো খারাপ হবে বলে মনে করত ওবামা প্রশাসন।
গত বছরের আগস্ট মাস থেকে সিরিয়ার ভেতরে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই দেশটি অভিযান শুরু করে এবং এজন্য আংকারা সিরিয়ার ভেতরে বহু সংখ্যক ট্যাংক ও সেনা পাঠায়। এছাড়া, তুরস্কের সীমান্তবর্তী শহরগুলো থেকে বিমান হামলা চালানো হচ্ছে। অবশ্য, খোদ তুরস্কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ সব সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে আসছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯