পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা বন্ধ করুন: জাতিসংঘ ও ইইউ
অধিকৃত জর্দান নদীর পশ্চিমতীরের মধ্য অংশে আন্তর্জাতিক অর্থায়নে তৈরি একটি অস্থায়ী হাসপাতাল এবং ফিলিস্তিনিদের কয়েকডজন বাড়িঘর ভেঙে ফেলতে ইহুদিবাদী ইসরাইলি সরকার যে পরিকল্পনা করছে তা বাতিলের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন।
ফিলিস্তিন ভূখণ্ডে জাতিসংঘের কার্যক্রম এবং মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক সমন্বয়ক রোবার্ট পাইপার এবং জাতিসংঘের ত্রাণ এবং কর্মসংস্থানের পরিচালক স্কট অ্যানডারসন গতকাল (বুধবার) পশ্চিম তীরের খান আল-আহমার গ্রাম পরিদর্শনে গিয়ে তেল আবিব সরকারের প্রতি এ আহ্বান জানান।
তেল আবিব কর্তৃপক্ষ পুরো গ্রামটি ধ্বংস করে দেয়ার জন্য আমলাতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার কয়েক দিন পর তারা সেখানে সফরে গেলেন। আল খান আল-আহমার গ্রামটিতে ৩৫টি পরিবার অস্থায়ী কুঁড়েঘর এবং টিন-শিটের বাড়িতে বসবাস করছে। এছাড়া, সেখানে ১৪০টি কাঠামো রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
পাইপার বলেন, পশ্চিম তীরের খান আল আহমার গ্রামটিতে সবচেয়ে দুর্বল সম্প্রদায় বসবাস করছে এবং ইসরাইলি কর্তৃপক্ষের উচ্ছেদের ভয়ে তারা কোনোমতে দিনানিপাত করছে। এটা অগ্রহণযোগ্য এবং এটি বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, 'ফিলিস্তিনি ভূখণ্ডে হাজার হাজার পরিবার তাদের বসতবাটী যেকোনো সময় ভেঙে ফেলার আতংকে রয়েছে এবং পুরো সম্প্রদায়টি মারাত্মক অনিশ্চিত জীবন যাপন করছে। যেখানে স্কুলগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং ফিলিস্তিনি শিশুদের শিক্ষার অধিকারকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে, সেখানে এসব পরিবারকে অন্যত্র চলে যাওয়ার চাপ নিঃসন্দেহে একটি আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করেছে।
জাতিসংঘের এ কর্মকর্তা বঞ্চিত ও দূর্ভোগের মধ্যে পতিত এসব ফিলিস্তিনি সম্প্রদায়কে রক্ষা করার জন্য এগিয়ে আসতে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন যেন যথাযথ সম্মান জানানো হয় সে ব্যাপারে ব্যাবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, জেরুজালেম আল কুদস এবং রামাল্লা ভিত্তিক ইউরোপীয় ইউনিয়নের মিশন পশ্চিম তীরের খান আল-আহমার গ্রামের কাঠামো ধ্বংসে ইসরাইলি পরিকল্পণার নিন্দা জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩