রাশিয়ার বিমান, সিরিয়ার কামান: পালমিরা থেকে পালিয়েছে দায়েশ
-
পালমিরা এখন দায়েশ মুক্ত
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহর পুরোপুরি মুক্ত করতে সক্ষম হয়েছে দেশটির সামরিক বাহিনী। পালমিরা অভিযানে সিরিয় বাহিনীকে সহায়তা দিয়েছে হিজবুল্লাহ ও মিত্র যোদ্ধারা এবং বিমান সমর্থন দিয়েছে রাশিয়া।
এক বিবৃতিতে সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, কয়েক দফা অভিযান চালানোর পর পালমিরা শহরটি নিয়ন্ত্রণে আসে। এ বিবৃতিতে সিরিয়ার সামরিক বাহিনী রুশ বিমান বাহিনী ও মিত্র যোদ্ধাদের সহায়তার কথা জানিয়েছে।
পালমিরা মুক্ত হওয়ার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এদিকে, ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, পালমিরা শহর থেকে দায়েশ সন্ত্রাসীরা পুরোপুরি পিছু হটেছে।
এ নিয়ে শহরটি দু দফায় মুক্ত করল সিরিয়ার সামরিক বাহিনী। ২০১৫ সালের মে মাসে শহরটি দখল করে নেয় দায়েশ। পরে ২০১৬ সালের মার্চ মাসে তা মুক্ত করা হয় কিন্তু গত ডিসেম্বর মাসে সন্ত্রাসীরা আবার শহরটি দখল করে নেয়। সে সময় সিরিয়ার সামিরক বাহিনী আলেপ্পো শহর মুক্ত করার কাজে ব্যস্ত ছিল।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২