পালমিরায় হতাহত হয়েছে ১,০০০ দায়েশ সন্ত্রাসী: রুশ কর্মকর্তা
-
সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহর
সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরে সিরিয় সেনা ও মিত্র যোদ্ধাদের সাম্প্রতিক অভিযানে অন্তত ১,০০০ উগ্র দায়েশ সন্ত্রাসী হতাহত হয়েছে। এ অভিযানের মাধ্যমে সিরিয়ার সেনারা পালমিরা শহরটি নতুন করে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। রুশ বিমান বাহিনী এ অভিযানে সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছে।
রুশ সামরিক বাহিনীর জেনারেল স্টাফ সের্গেই রুদস্কয় গতকাল (শুক্রবার) এ তথ্য জানান। এর একদিন আগে সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা পালমিরা শহটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং সন্ত্রাসীদের অনেকে সেখান থেকে পালিয়ে গেছে। প্রায় দেড় মাস অভিযানের পর বৃহস্পতিবার পালমিরা শহরটি মুক্ত হয়। সিরিয়ার সেনারা সন্ত্রাসীদের ১৯টি ট্যাংক, ৩৭টি সাঁজোয়াযান, ৯৮টি পিকআপ এবং ১০০টি ট্যাক্সি ধ্বংস করে। এসব সামরিক যানে ভারী অস্ত্র বসানো ছিল।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ প্রথমবার পালমিরা শহরটি দখল করে নেয় ২০১৫ সালের মে মাসে এবং ২,০০০ বছরের পুরনো এ শহরে তারা ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায়। পরে গত বছরের মার্চ মাসে সিরিয়ার সেনারা শহরটি মুক্ত করে। গত ডিসেম্বরে আবার সন্ত্রাসীরা পালমিরা শহর দখল করে নেয়। তখন সিরিয়ার সেনারা আলেপ্পো শহর মুক্ত করার লড়াইয়ে ব্যস্ত ছিল। আলেপ্পো মুক্ত করার পর সিরিয়ার সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা আবার পালমিরা শহরটি মুক্ত করতে সক্ষম হলো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪