তুরস্ককে সেনা প্রত্যাহার করতে বলুন: জাতিসংঘকে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i34292-তুরস্ককে_সেনা_প্রত্যাহার_করতে_বলুন_জাতিসংঘকে_সিরিয়া
সিরিয়ার ভূখণ্ড থেকে দ্রুত তুরস্কের সেনা সরিয়ে নেয়ার জন্য আংকারার ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক। তুর্কি সেনাকে আগ্রাসী বাহিনী উল্লেখ করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৭ ২২:১৩ Asia/Dhaka
  • সিরিয়ায় তুর্কি সেনা
    সিরিয়ায় তুর্কি সেনা

সিরিয়ার ভূখণ্ড থেকে দ্রুত তুরস্কের সেনা সরিয়ে নেয়ার জন্য আংকারার ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক। তুর্কি সেনাকে আগ্রাসী বাহিনী উল্লেখ করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় ওই চিঠিতে আরো বলেছে, সিরিয়ার ভেতরে যেকোনো ধরনের হামলা বন্ধ এবং আঞ্চলিক-আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় তুরস্ককে দায় নিতে হতবে। জাতিসংঘ সাধারণ পরিষদের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি ম্যাথু রেইক্রফের কাছে শুক্রবার এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে তুরস্কের আগ্রাসী ভূমিকার নিন্দা জানানো হয়েছে এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য তুর্কি সরকারকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বিনা অনুমতিতে সিরিয়ায় তুর্কি সেনা পাঠানো জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের বিষয়ে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবেরও লঙ্ঘন। এছাড়া, এটা কোনোভাবেই সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয়।

চিঠিতে আরো বলা হয়েছে, সিরিয়ার সরকার তুরস্ককে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দেখে এবং সিরিয়ায় হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু ও অগণিত ঘর-বাড়ি ধ্বংসের জন্য আংকারা সরকারকে দায়ী করে। আর এসব কাজে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরাসরি দিকনির্দেশনা রয়েছে।

সিরিয়ার সীমান্তবর্তী মানবিজ শহরের কাছে সিরিয় সেনাদের ওপর তুর্কি সেনাদের গোলাবর্ষণ ও বহু সেনা এবং স্বেচ্ছাসেবী যোদ্ধার হতাহতের খবর বের হওয়ার একদিন পর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ এ চিঠি পাঠালো।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০