পাশ্চাত্যের সমর্থন নিয়ে দমনপীড়ন চালিয়ে যাচ্ছে বাহরাইনের স্বৈরসরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i34918-পাশ্চাত্যের_সমর্থন_নিয়ে_দমনপীড়ন_চালিয়ে_যাচ্ছে_বাহরাইনের_স্বৈরসরকার
বাহরাইনের আলে খলিফা সরকার সেদেশের জনগণের বিরুদ্ধে কঠোর দমন অভিযান চালিয়ে যাচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২২, ২০১৭ ১৪:৫৪ Asia/Dhaka

বাহরাইনের আলে খলিফা সরকার সেদেশের জনগণের বিরুদ্ধে কঠোর দমন অভিযান চালিয়ে যাচ্ছে।

দেশটির মানবাধিকার বিষয়ক গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে গত কয়েক দিনে ৪০টি এলাকায় ১২০টি শান্তিপূর্ণ বিক্ষোভ  হয়েছে। এতে আরো বলা হয়েছে, আলে খলিফার নিরাপত্তা বাহিনী এসব শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের বেশিরভাগই কঠোরহস্তে দমন করেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেকে আহত হয়েছে আবার অনেককে বন্দী করা হয়েছে।

২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাহরাইনের স্বৈরাচারী আলে খলিফা সরকারের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। সংবিধান পরিবর্তন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া, বৈষম্য দূর করা, রাজনৈতিক সংস্কার, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, স্বাধীনতা দেয়া ও পাশ্চাত্যের ওপর থেকে নির্ভরতা থেকে সরে আসার দাবি জানিয়ে আসছে প্রতিবাদী জনতা। গণতন্ত্র না থাকায় বাহরাইনের জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ এবং তারা  দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের স্বীকার। এ অবস্থায় জনগণ তাদের অধিকার আদায়ে রাজপথে নেমে পড়ায় আলে খলিফা সরকার তাদের কণ্ঠ স্তব্ধ করে দেয়ার জন্য সীমাহীন অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

কিন্তু আলে খলিফা সরকার দমনপীড়ন চালিয়েও গণআন্দোলন থামাতে তো পারেনি বরং সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার হয়েছে। বাহরাইন সরকারের সঙ্গে জনগণের বিরোধের একটি বড় কারণ হচ্ছে, সব ক্ষেত্রে চরম বৈষম্য। সরকার দমনপীড়ন এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছে। বাহরাইনে গণঅসন্তোষের আরেকটি কারণ দেশটির ক্ষমতা ও জাতীয় সম্পদ মাত্র একটি পরিবারের হাতে সীমাবদ্ধ। কিন্তু সরকারের বিধিনিষেধ ও নিপীড়ন সত্বেও জনগণ অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেছে এবং কোনোভাবেই তারা পিছিয়ে আসবে না।

গণআন্দোলনের ফলে একদিকে সরকারের বৈধতা প্রশ্নের সম্মুখীন হয়েছে অন্যদিকে সরকার ও জনগণের মধ্যকার বিরোধ তীব্র আকার হয়েছে। এ পরিস্থিতিতে বাহরাইন সরকার আমেরিকাসহ সৌদি আরব ও অন্য রাজতান্ত্রিক সরকারের সমর্থন ও সাহায্যের ওপর নির্ভর করে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে।#   

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/২২