আরব-ইরান সংলাপ শুরু হওয়ার ব্যাপারে জোর আশাবাদী কুয়েত
-
কুয়েতের উপ-পররাষ্ট্র খালেদ আল-জারাল্লাহ
পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো এবং ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ শুরু হওয়ার ব্যাপারে কুয়েত জোর আশাবাদ ব্যক্ত করেছে। এ বিষয়ে তেহরান এবং কুয়েত কয়েক দফা ইতিবাচক পদক্ষেপ নেয়ার পর দুই পক্ষের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ।
গতকাল (রোববার) কুয়েত শহরে বাংলাদেশ দূতাবাসের একটি অনুষ্ঠানের অবকাশে উপ-পররাষ্ট্র খালেদ আল-জারাল্লাহ এ মন্তব্য করেন বলে কুয়েত নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।
আগামী (বৃহস্পতিবার) আরব রাষ্ট্রগুলোর আঞ্চলিক সংগঠন 'পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ' বা পিজিসিসি'র মন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে ইরানের সঙ্গে সম্ভাব্য এ সংলাপের বিষয়ে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি। সংলাপের ব্যাপারে তেহরান আমির শাসিত দেশটির কাছে যে বার্তা পাঠিয়েছে তা পারস্য উপসাগরীয় অন্যান্য দেশগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী জারাল্লাহ।
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি গত ১৩ মার্চ সংলাপ সংক্রান্ত বার্তা তার দেশের রাষ্ট্রদূত আলীরেজা এনায়েতির মাধ্যমে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেইখ সাবাহ আল খালিদ আল হামাদ আল-সাবাহর কাছে পাঠান।কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী পারস্য উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে গত জানুয়ারির শেষের দিকে তেহরান সফরে আসেন। পিজিসিসি এবং ইরানের মধ্যে সংলাপ শুরুর বিষয়ে এ বার্তা ছিল বলে মনে করা হচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৭